পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। এ সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।
ভিডিওতে অবরোধকারীদের প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে অবস্থান করতে দেখা যায়। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি শতাধিক গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।
এ ব্যাপারে পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম বলেন, অবরোধকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুর করে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।


















