রাজশাহীর তানোরে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে এর আগেই কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
জানা গেছে, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপির এই কার্যালয়টি খোলা হয়েছিল। কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই তাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।
মোতালেব হোসেন আরও বলেন, কলমা ইউনিয়নে তাদের কয়েকটি দলীয় কার্যালয় রয়েছে। এর মধ্যে আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় ছিল। এ কারণে সেটিকেই লক্ষ্য করে আগুন দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















