স্বামীর দ্বিতীয় বিয়ে ও যৌতুকের চাপে দুই সন্তানকে নিয়ে বিষপান
ফরিদপুর প্রতিনিধি: স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন পর রোববার (৮ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিষপানে অসুস্থ হওয়ার একদিন পর মারা যায় তার ১৯ মাস বয়সি ছেলে জিসান। একই ঘটনায় গুরুতর অসুস্থ পাঁচ বছর বয়সি মেয়ে তাবিয়া মিনহা এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই দিনই মা ও দুই সন্তানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যায় ছোট ছেলে জিসান। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার মারা যান আছিয়া।
স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আকমাল শেখের ছেলে আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলে দ্বীন ইসলাম (১০) স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। অন্য দুই সন্তান তাবিয়া মিনহা ও জিসান।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে আছিয়ার বিরোধ চলছিল। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দেড় বছর আগে আছিয়ার বাবা সত্তার মোল্যা প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে আমিনুরকে বিদেশে পাঠান। তবে তাতেও দাম্পত্য কলহের অবসান হয়নি। একপর্যায়ে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন আছিয়া।
যৌতুক দাবি ও তালাকের হুমকির অভিযোগ
পরিবারের দাবি, গত ২৫ সেপ্টেম্বর আছিয়ার বাবার বাড়িতে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। সেখানে আমিনুর ও তার পরিবারের সদস্যরা আবার বিদেশে যাওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আছিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ না করা এবং তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়টিও জানতে পারেন তিনি।
স্বামীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশায় দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আছিয়া। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর আমিনুরের মোবাইল নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করেন। গত ৩ নভেম্বর বিকালে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার পরপরই দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন তিনি বলে জানিয়েছেন তার বাবা সত্তার মোল্যা।
মামলা হয়েছে, পলাতক স্বামী
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে আছিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আছিয়ার করা নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলায় তার স্বামীও পলাতক আসামি।
এ ঘটনায় ১৯ মাস বয়সি শিশু জিসানের মৃত্যু হয়েছে এবং আছিয়া বেগমও মারা গেছেন। তাদের পাঁচ বছর বয়সি মেয়ে তাবিয়া মিনহা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।





















