ট্রেন থেকে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের
সৈয়দপুর রেলওয়ে স্টেশনে মোবাইল ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শিক্ষক মো. রাজ্জাক।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাজ্জাক ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন।
এ সময় কয়েকজন ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তিনি ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন।
এ সময় ট্রেনটি ছেড়ে দিলে সেটির ধাক্কায় গুরুতর আহত হন রাজ্জাক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপমৃত্যুর মামলা
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঢাকা পোস্টকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে প্রাণ হারানো এ শিক্ষকের মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




















