যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: মনু সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময়
যাত্রাবাড়ীতে ১৭ হত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় মনুসহ পাঁচজনের তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১০ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করেন প্রসিকিউটর রাফিউল ইসলাম। তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে আরও দুই মাস সময় চান। পরে ট্রাইব্যুনাল আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত সময় মঞ্জুর করেন।
এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, তারেক আবদুল্লাহ, অলি মিয়াসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
মনুসহ এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং মোক্তার হোসেন।
প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। গ্রেপ্তার আসামিদেরও এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে তদন্ত শেষ না হওয়ায় আরও সময় চায় তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে।






















