সাভারে মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী–স্ত্রী
সাভারে মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী–স্ত্রী
সাভার: ঢাকার সাভারে রাতে মশার কয়েল ধরাতে গিয়ে একটি কক্ষে আকস্মিক বিস্ফোরণে দগ্ধ হয়েছেন স্বামী–স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে সাভারের মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ দুই পোশাকশ্রমিক
দগ্ধ দুজন হলেন মো. কাউসার (২৮) ও তাঁর স্ত্রী রুবী আক্তার (২৪)। তাঁরা স্থানীয় দুটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, কাউসারের শরীরের ১০০ শতাংশ এবং রুবী আক্তারের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
কীভাবে ঘটল বিস্ফোরণ?
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুইতলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় থাকতেন কাউসার ও রুবী।
রাতে কাউসার গ্যাসলাইটার দিয়ে মশার কয়েল ধরানোর চেষ্টা করেন। লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে।
তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
বাবার দাবি, গ্যাস জমে থাকতে পারে
কাউসারের বাবা সিমান শেখ বলেন, হাসপাতালে ছেলে তাঁকে জানিয়েছেন, গ্যাসলাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই পুরো ঘরে আগুন ধরে যায়।
তাঁর ভাষ্য, কক্ষটিতে কোনো সরাসরি গ্যাসসংযোগ ছিল না। তবে জানালার বাইরে গ্যাসের লাইন রয়েছে এবং রান্নাঘরও আলাদা স্থানে। তাঁর ধারণা, কোনোভাবে কক্ষে গ্যাস জমে থাকায় এই বিস্ফোরণ ঘটতে পারে।
পুলিশের বক্তব্য
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





















