ইরানের হামলায় নিহত ৪ মার্কিন সেনাকে যুদ্ধাহত তালিকা থেকে সরাল পেন্টাগন: এপির দাবি
ইরানের হামলায় নিহত ৪ মার্কিন সেনাকে যুদ্ধাহত তালিকা থেকে সরাল পেন্টাগন: এপির দাবি
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের হামলায় নিহত চারজন মার্কিন সেনাকে সরকারি যুদ্ধাহত তালিকা থেকে সরিয়ে আলাদা একটি বিভাগে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এমন দাবি করেছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগে ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এ যুদ্ধে নিহত ও আহত সেনাদের তথ্য প্রকাশ করা হতো। তবে সম্প্রতি নিহত চার সেনা এবং বহু আহত সদস্যের তথ্য মূল তালিকা থেকে সরিয়ে “বিদেশি অভিযান” নামে নতুন একটি বিভাগে স্থানান্তর করা হয়েছে।
নতুন তালিকায় নিহত চার সেনার পাশাপাশি ২০৭ জন আহত মার্কিন সেনার নাম রয়েছে। তবে এই আহতদের সবাই যে সরাসরি ইরানের সঙ্গে সংঘাতের সময় আহত হয়েছেন, তা নিশ্চিত নয়।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ বলেন, হতাহতের তথ্য প্রকাশে যে পরিবর্তন দেখা গেছে, তা ডেটার অসঙ্গতি এবং সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। তাঁর দাবি, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
তবে এই পরিবর্তনের পর যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশে স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এপির তথ্য অনুযায়ী, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে পেন্টাগন হতাহত ও সামরিক কৌশল সংক্রান্ত তথ্য আগের তুলনায় অনেক কম প্রকাশ করছে।
এছাড়া মে মাসের শুরু থেকে যুদ্ধ নিয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেনি পেন্টাগন। একই সময়ে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাংবাদিকদের জন্য নিয়মিত হতাহতের প্রতিবেদন প্রকাশও বন্ধ রেখেছে।
এদিকে ইরান দাবি করেছে, গত ১৫ দিনে তাদের হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে এই দাবির স্বাধীন বা নিরপেক্ষ কোনো যাচাই এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
























