বরিশালে বালুভর্তি বস্তায় রহস্যজনক বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি আক্তার (১৮) এবং নাতি ফাহিম (১৫)। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্য জামাল হোসেন জানান, সকাল ৭টার দিকে বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। পরে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রতিবেশী এনায়েত হোসেন বলেন, প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে বাইরে এসে জানতে পারেন পাশের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।
বরিশালের পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের কারণ বা এটি কী ধরনের বিস্ফোরক ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ঢাকার বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্তে অংশ নেবে।
ঘটনার পর র্যাব, ডিবি পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি ঘিরে রেখে তদন্ত চলছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স লিংকন দত্ত জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


















