একই দিনে আদালতে সাতক্ষীরার তিন নজরুল, জামিন পেলেন একজন
সাতক্ষীরা প্রতিনিধি: একই দিনে আদালতের দ্বারস্থ হয়েছেন সাতক্ষীরার আলোচিত তিন নজরুল ইসলাম। তাঁদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে পৃথক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। সোমবার বিকেলে তাঁর জামিন মঞ্জুর হয়।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে সদর থানায় করা পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ২০১৪ সালে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের হত্যার নির্দেশ ও মদদ দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়েছে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়া উচ্চ আদালত থেকে পাওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও তাঁর সহযোগী বিশ্বজিৎ মণ্ডল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও হুমকির মামলায় তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই দিনে একই নামের তিন আলোচিত ব্যক্তির আদালতে উপস্থিতির বিষয়টি সাতক্ষীরায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করেন স্থানীয়রা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবদুস সাত্তার জানান, পৃথক মামলায় শুনানি শেষে মো. নজরুল ইসলাম ও হাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।






















