গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ স্বামী খোকন সরকারের দাফনের ছয় ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী ফজিলত বেগম।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন পোশাক শ্রমিক খোকন সরকার (৫৪)। তার মৃত্যুর ছয় ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্ত্রী ফজিলত বেগম (৪০)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় খোকন সরকারের জানাজা শেষে দেবিদ্বারের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একই দিন বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফজিলত বেগমের মৃত্যু হয়। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হলে খোকন ও ফজিলত দুজনই গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খোকন সরকার মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। স্বামীকে দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর মৃত্যুর খবর এলে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খোকন ও ফজিলত নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে চাকরি করতেন। তাদের দুই সন্তান রয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কঠিন এই সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে এবং সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















