মাদারীপুরে মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
মাদারীপুরের কালকিনিতে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদ্রাসার পাশে বসতঘরের সামনে বিস্ফোরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
তবে বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‘কীভাবে বিস্ফোরণ হলো জানি না’
ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, আমি জানি না।’
মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
তদন্ত করছে পুলিশ
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।


















