চাঁপাইনবাবগঞ্জে স্থিতিশীল বন্যা পরিস্থিতি, পানিবন্দী ৩ হাজার পরিবার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নিমাঞ্চলের প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও স্থিতিশীল রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতি। ভারত থেকে আসা উজানের পানি এবং ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেওয়ায় জেলার নিমাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এবং প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজানের পানিতে প্লাবিত নিমাঞ্চল
স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতেও। এ ছাড়া পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে ৩৫০ হেক্টর আমন ধান ও সবজি ক্ষেত।
৩০০ পরিবারকে দেওয়া হয়েছে ত্রাণ
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সব পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, গত দুই দিনে পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নে ১১ টন চাল বিতরণ করা হয়েছে। রোববার থেকে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
সদর উপজেলায় ১৮০০ পরিবারকে চাল
অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, পানিবন্দী মানুষের সহায়তায় প্রশাসন কাজ করছে।
আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের পানিবন্দী ১ হাজার ৮০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ১৮ টন চাল বিতরণ করা হয়েছে।
বিশুদ্ধ পানির সংকটে বন্যার্তরা
পানিবন্দী মানুষেরা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাবার পানি নিয়ে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে।
পানির উৎসগুলো ডুবে যাওয়ায় নিরাপদ পানি সংগ্রহের জন্য দূরের এলাকায় যেতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে।
এ ছাড়া গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন বন্যাকবলিত এলাকার মানুষ। শুষ্ক স্থান না থাকায় রান্না করা খাবার খেতেও সমস্যায় পড়ছেন তারা।
পদ্মার পানি স্থিতিশীল
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভারতের উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নদীর পানি স্থিতিশীল রয়েছে।
বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।



















