ইরানে মার্কিন পাইলট উদ্ধারের ঘটনাকে ‘হলিউডি গল্প’ বলল আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রচারিত বর্ণনাকে ‘হলিউডি গল্প’ বলে ব্যঙ্গ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, এ ধরনের বর্ণনা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র বারবার সিনেমার মতো গল্প তৈরি করে। বাস্তবতা বিকৃত করার এ ধরনের চেষ্টা এখন পুরোনো কৌশলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানে মার্কিন এক পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মোহেব্বি।
তিনি বলেন, ‘হলিউডি বর্ণনা উপস্থাপনের অভ্যাস আমেরিকার রয়েছে।’ তাঁর দাবি, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বক্তব্যে নিজেদের জয় এবং ইরানের পরাজয়ের কথা প্রচার করে আসছেন।
মোহেব্বির ভাষ্য, পরাজয় আড়াল করতে বিভিন্ন স্থান ও ঘটনার চলচ্চিত্রের দৃশ্য একত্র করে এ ধরনের বর্ণনা তৈরি করা হচ্ছে। একই সময়ে কিছু সংবাদমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে বলে তিনি দাবি করেন, যেখানে ওই সময়ের মধ্যে হামলার শিকার একটি এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।
আইআরজিসির মুখপাত্র বলেন, এ ধরনের গল্প তৈরি করা পুরোনো কৌশল এবং এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমে ইরানের আকাশে এপ্রিল মাসে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘ব্রাভো’ কলসাইনে পরিচিত ওই পাইলট উদ্ধারের অভিযানকে ঝুঁকিপূর্ণ ও কঠিন অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা হয়।
প্রতিবেদনটিতে ঘটনাটিকে একটি বিস্তৃত উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করা হয়। তবে ইরানের আইআরজিসি এই বর্ণনার সঙ্গে দ্বিমত পোষণ করে ঘটনাটিকে ‘হলিউডি গল্প’ হিসেবে অভিহিত করেছে।
সূত্র: তেহেরান টাইমস























