হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া প্রস্তাবে রাজি হলেও পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না তেহরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের প্রস্তাব অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। এর পাশাপাশি সাত দিনের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নিতে, জব্দ করা ইরানি অর্থ ছাড় করতে এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ দর-কষাকষির বিষয় হয়ে উঠেছে। ইরানের প্রস্তাবে বন্দর অবরোধ প্রত্যাহার, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা অর্থ ছাড়ের মতো বিষয় রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছে তেহরান।
পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো মেনে নিলে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে রয়টার্সকে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারসহ নিজেদের পারমাণবিক অধিকার থেকে কোনো ছাড় দেবে না তেহরান।
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মার্কিন দাবিও তারা মেনে নেবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কয়েকটি পশ্চিমা দেশের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। ইরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা বেসামরিক পারমাণবিক ব্যবহারের সাধারণ মাত্রার চেয়ে অনেক বেশি। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সাম্প্রতিক প্রস্তাবের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টিও যুক্ত হয়েছে। তবে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবেও পারমাণবিক কর্মসূচির মৌলিক অধিকার থেকে সরে আসার প্রশ্নে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

























