সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কর্মীর প্রায় ৮০ শতাংশ নারী হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগে কাজ করছে। তাদের প্রায় ৮০ শতাংশই নারী হবেন।
তিনি বলেন, এসব স্বাস্থ্যসেবাকর্মী তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান করবেন। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষাব্যবস্থায় সংস্কারের উদ্যোগ
শিক্ষাব্যবস্থার সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করারও মাধ্যম হতে হবে।
তিনি বলেন, সরকার আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
শিশুদের চরিত্র গঠনে পাঠ্যক্রমে সংস্কৃতি, খেলাধুলা, মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো হবে।
শিক্ষাব্যবস্থা উন্নতিকরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রথম শ্রেণি থেকেই বিনামূল্যে ইউনিফর্ম, স্কুলব্যাগ, মিড-ডে মিল ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে।
একই সঙ্গে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার পরিধি সম্প্রসারণ করা হচ্ছে বলেও জানান তিনি।
তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব
দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে দক্ষতা উন্নয়ন এবং উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।
তরুণদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।























