ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে, রাজবাড়ীর নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি
ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
ভালোবাসার টানে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। এ বিয়েকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও আনন্দের পরিবেশ।
জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুই পরিবারের সম্মতিতেই এ বিয়ের আয়োজন করা হয়েছে।
নার্গিস আক্তার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে। অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তার বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরিচালক হিসেবে কাজ করেন। তাদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।
বাংলাদেশে এসে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন জ্যাকি।
যেভাবে পরিচয়, তারপর ভালোবাসা
জ্যাকি ও নার্গিসের পরিচয়ের গল্পটিও বেশ ব্যতিক্রমী। নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি চেউং। কর্মক্ষেত্রে সিরাজুলের সঙ্গে জ্যাকির পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে।
একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।
পরিচয়ের পর জ্যাকি নিজ দেশ চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথোপকথনের মাধ্যমে একে অপরকে জানার সুযোগ পান তারা। এভাবে প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথন একসময় গভীর ভালোবাসায় রূপ নেয়। পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালো লাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।
জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সিদ্ধান্ত থেকেই তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন। তাকে বিয়ে করতে পেরে তিনি খুবই আনন্দিত।
তিনি আরও বলেন, বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তার ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান তিনি।
নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে সাধারণভাবে কথা হলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি।
নবদম্পতিকে দেখতে বাড়িতে মানুষের ভিড়
বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। নতুন জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার ও আত্মীয়-স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনের কাছেও বিষয়টি আনন্দের। তাদের কাছে ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার ঘটনাটি যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



















