মক্কায় ড্রোন হামলার অভিযোগ মিথ্যা, দাবি হুথি নেতার
আন্তর্জাতিক ডেস্ক: মক্কার দিকে ড্রোন হামলার চেষ্টার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হুথি। তার অভিযোগ, সৌদি আরব মক্কা, কাবা ও পবিত্র নগরীগুলোকে ‘যুদ্ধের ব্যানার’ হিসেবে ব্যবহার করছে।
সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মালিক আল-হুথি বলেন, অন্যান্য মুসলিম দেশের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে মক্কাকে কেন্দ্র করে এমন অভিযোগ তোলা হচ্ছে। তার দাবি, সৌদি আরব চাইছে অন্য দেশগুলো ইয়েমেনে হামলার সঙ্গে যুক্ত হোক।
হুথি নেতা আরও বলেন, সৌদি আরব মক্কা, কাবা ও অন্যান্য পবিত্র স্থানকে যুদ্ধের প্রসঙ্গে ব্যবহার করছে এবং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে অন্যান্য দেশকে উৎসাহিত করছে।
এদিকে মক্কার দিকে যাওয়া ড্রোন প্রতিহত করার দাবি নিয়ে কাউকে সরাসরি অভিযুক্ত করার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাকেই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যেকোনো পবিত্র স্থানের বিরুদ্ধে আগ্রাসন, বিশেষ করে মক্কা, মদিনা ও আল-আকসা এবং সেখানকার দর্শনার্থী ও প্রতিবেশীদের ওপর হুমকি নিন্দনীয়।
তবে মক্কার দিকে যাওয়া ড্রোন প্রতিহত করার দাবি থেকেই কোনো পক্ষকে দায়ী করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
ইসমাইলি বাকেই আরও বলেন, অঞ্চলটি অতীতে নানা ধরনের ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের’ মুখোমুখি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতেও বহু অভিযোগ ছড়ানো হয়েছে, যার ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে।
তিনি বলেন, এসব প্রচারের মাধ্যমে ইসলামিক দেশগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। তাই এ ধরনের ঘটনায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
অন্যদিকে আব্দুল মালিক আল-হুথি দাবি করেছেন, সৌদি আরবে বর্তমানে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক সেনা অবস্থান করছে। তার অভিযোগ, এসব মার্কিন সেনা হুথিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি আরবের বিমান হামলায় সমন্বয় ও সহযোগিতা করছে।
তবে হুথি নেতার এসব অভিযোগ এবং সৌদি আরবের বিরুদ্ধে করা দাবিগুলোর বিষয়ে প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ দেওয়া হয়নি।























