জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন হবে: আসাদুল হাবিব দুলু
রংপুর প্রতিনিধি: জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার সংসদীয় কমিটি গঠন করেছে, যেখানে বিরোধী পক্ষের প্রতিনিধিরাও রয়েছেন। নোট অব ডিসেন্টসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আলোচনার মধ্য দিয়েই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল। সে সময় নোট অব ডিসেন্টের বিষয়ে বলা হয়েছিল, যে দল সরকার গঠন করবে, তারা ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন নোট অব ডিসেন্ট নিয়ে আলোচনা করতে চায় সরকার। ঐকমত্যের ভিত্তিতে গৃহীত বিষয়গুলো জুলাই সনদ অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।
রংপুরে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান
রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, সরকার দেশের সব অঞ্চলকে বৈষম্যমুক্ত রাখতে চায়। রংপুর কৃষি ও খাদ্য উৎপাদনে সমৃদ্ধ একটি এলাকা। এখানকার জমি ও শ্রমের ব্যয় তুলনামূলক কম হওয়ায় শিল্প-কারখানা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে বেকারত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে।
আবু সাঈদের আত্মত্যাগ স্মরণে গেট নির্মাণ
শহীদ আবু সাঈদের অবদান স্মরণ করে মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়ে যায়। এ কারণে রংপুরের মানুষ তাঁকে নিয়ে গর্ববোধ করে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আবু সাঈদ গেট নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীসহ দেশের মানুষ তাঁর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং তাঁকে স্মরণ করবে।
জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশা
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নিয়ে তিনি অতীতে একটি বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তবে এত বড় প্রকল্প এক দিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজনীয় জরিপ, নকশা প্রণয়ন ও পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে কাজ এগিয়ে নিতে হয়।
তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা সম্ভব হবে।
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগ
মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন।
তিনি জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে গিয়ে এই কার্যক্রম সরেজমিনে দেখবেন। মডেলটি সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দুলু বলেন, রংপুরে মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আইনি পদক্ষেপের পাশাপাশি সমাজের সব মানুষ অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে মাদক নির্মূলের উদ্যোগ আরও কার্যকর হবে।
উপস্থিত ছিলেন যাঁরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ অনেকে।
এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে শহীদ আবু সাঈদ গেটটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।























