জাল ভিসায় প্রতারণার অভিযোগে ৬ জন গ্রেপ্তার, পাসপোর্ট-মাইক্রোবাস জব্দ
নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার নিতাই ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম (২৪), মোখলেছুর রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর রহমান (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), দক্ষিণ রাজীব এলাকার কালা মামুদের ছেলে সজীব মিয়া (২৬) এবং মুশাঝাড়পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত শুক্রবার তারা যশোরের দুই ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে তাদের পাসপোর্ট সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে শনিবার ভোরে পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে পৌঁছালে পুলিশ মাইক্রোবাসটি আটক করে।
পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, ভোরে তাদের তল্লাশি করে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মোবাইল ফোনে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

















