যাত্রাবাড়ীতে মোবাইল ফোন নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাব্বী নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত রাব্বীর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নেওয়াগাঁও গ্রামে। তিনি হারুনুর রশিদের ছেলে। পরিবার নিয়ে বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলিতে থাকতেন। স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন তিনি।
পারিবারিক জীবনে রাব্বী দুই বছর আগে বিয়ে করেন। তাঁর আড়াই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের দুলাভাই শফিকুর জানান, শুক্রবার ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন দিলে রাব্বীকে পাওয়া যায়নি। পরে দূর সম্পর্কের এক শ্যালিকার মাধ্যমে জানতে পারেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকার স্বপ্ন সুপারশপের সামনে কে বা কারা রাব্বীকে মারধর করে ফেলে গেছে। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান।
শফিকুর আরও জানান, লাশ উদ্ধারের সময় রাব্বীর পকেটে সামান্য টাকা পাওয়া গেলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে প্রেম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে তিনি জানান, ভোরে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে রাব্বীর সঙ্গে তাঁর দুই বন্ধুর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বন্ধুদের মধ্যে একজন রাব্বীকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তায় পড়ে তাঁর মৃত্যু হয়।
এসআই অতনু দে প্রেম আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



















