কুড়িল চৌরাস্তায় বকাবকির পর স্কুলছাত্রী নিখোঁজ, ভাটারা থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে সামিহা আফরিন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে স্থানীয় জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটের ছাত্রী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ সামিহার ভাই সুজন সিকদার লিটন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের দুইদিন আগে পড়ালেখা নিয়ে বাবা তাকে বকাবকি করেন। এরপর গত সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরবর্তীতে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৬৫৪) করা হয়।
নিখোঁজ কিশোরীর ভাই সুজন সিকদার লিটন জানান, “আমার বোন ব্যক্তিগত কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। বাসা থেকে বের হওয়ার বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। সে বাসা থেকে কোনো স্বর্ণালঙ্কার বা টাকা-পয়সা নিয়ে বের হয়নি।” কারো সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নে তিনি জানান, এই বিষয়ে পরিবার কিছু জানে না।
এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিখোঁজ সংক্রান্ত জিডিটি পাওয়ার পর তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ইতোমধ্যে সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কিশোরীটি নিজস্ব কোনো মোবাইল বা ডিজিটাল ডিভাইস ব্যবহার না করায় তাকে প্রযুক্তির মাধ্যমে দ্রুত শনাক্ত করা কিছুটা কঠিন হচ্ছে। তবে সে তার মা বা অন্য কারও মোবাইল দিয়ে কারো সঙ্গে যোগাযোগ করেছিল কি না, তা যাচাই করতে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করা হচ্ছে। তথ্য পাওয়া মাত্রই তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























