কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী আটক
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম খান বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে তারা নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।
তাহমিনা আক্তারের অভিযোগ, হামলার সময় ইট ও লাঠি দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই নজরুল ইসলাম খান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়েও আহত হন।
ঘটনার খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। একই সঙ্গে গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
























