প্রশ্নপত্র ফাঁস: মোদির ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণার পর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রশ্নপত্র ফাঁস: মোদির ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণার পর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সংক্ষিপ্ত এক পোস্টে দলটি লিখেছে, “ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।”
সিজেপির দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দায় রয়েছে। তাই তার পদত্যাগ করা উচিত।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।”
তিনি জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
মোদি আরও বলেন, “যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত রয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস






















