ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাই, সেতুর নিচে ফেলে পালাল দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত করছে পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, দুর্বৃত্তরা তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরে প্রায় ৪৫ মিনিট ঘোরানোর পর সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেন শুক্রবার (৩১ জুলাই) বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। তবে শনিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
যেভাবে ঘটেছে ছিনতাই
মামলার এজাহার অনুযায়ী, আলতাফ হোসেন তাঁর ছোট ভাই শাহাদাত হোসেনের কাগজের ব্যবসার ব্যাংকিং লেনদেন পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকেলে মদনপুরের একটি ব্যাংক শাখা থেকে একটি চেকের বিপরীতে ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। তাঁর কাছে আগে থেকে থাকা আরও দেড় লাখ টাকা যোগ করে মোট ১৮ লাখ টাকা নিয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
বন্দর উপজেলার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে নেমে হেঁটে যাওয়ার সময় ডিবি পুলিশের পোশাকসদৃশ জ্যাকেট পরা তিন থেকে চারজন তাঁর পথরোধ করে। তারা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে তাঁর নামে মামলা রয়েছে বলে দাবি করে। আলতাফ প্রতিবাদ করলে তাঁকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
মারধর করে টাকা ও মূল্যবান সামগ্রী লুট
মাইক্রোবাসে তুলে আলতাফ হোসেনের হাত-পা ও চোখ বেঁধে হাতকড়া পরানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁকে মারধর করে ব্যাগে থাকা ১৮ লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট বিভিন্ন এলাকায় ঘোরানোর পর তাঁকে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
একই এলাকায় প্রবাসীকেও লুটের অভিযোগ
এদিকে একই এলাকায় সৌদি আরবগামী এক প্রবাসীকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, পাসপোর্ট, বিমান টিকিট, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেওয়ার অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী রকিবুল হাসান শুক্রবার বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁকে ও তাঁর স্বজনদের জিম্মি করে। পরে ৯০০ সৌদি রিয়াল, নগদ টাকা, পাসপোর্ট, ফ্লাইটের টিকিট, ট্রাভেল ব্যাগ, একটি স্বর্ণের নাকফুল এবং তিনটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

























