পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সোয়াত জেলার কাবাল থানার সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) স্থানীয় সময় দুপুরে বিক্ষোভ-সমাবেশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন জানান, হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হামলা চালায়। এতে চার পুলিশ সদস্যসহ সাতজন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের তথ্য অনুযায়ী, কাবাল থানার প্রবেশমুখে সন্দেহভাজন হামলাকারীকে তল্লাশির জন্য থামালে তিনি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেন। জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনার তদন্ত চলছে।
ঘটনার সময় কাবাল চত্বরে সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভ করছিলেন। বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
এর আগে একই দিন সকালে পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ে টোল প্লাজার কাছে একটি আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন। এছাড়া গত ৩০ জুলাই হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় নয়জন পুলিশ সদস্য নিহত হন।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশে জুলাই মাসে বিভিন্ন হামলা ও সহিংসতায় ১৫৪ জন নিহত হয়েছেন, যা জুন মাসের তুলনায় ১০৫ শতাংশ বেশি।
সূত্র: এএফপি, ডন।






















