চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ চলছে: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক: চীন-বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশ নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগামী ৫০ বছরে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘কম্পারেটিভ গভার্ন্যান্স ফোরাম ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বিআইআইএসএস ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয়।
হুমায়ুন কবির বলেন, চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর ছিল ঐতিহাসিক। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডর এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে চীন আশাবাদী। পাশাপাশি আগামী ৫০ বছরের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতে শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)–এর আওতায় সহযোগিতা বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে।
হুমায়ুন কবির আরও বলেন, নদী উন্নয়ন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে।
অনুষ্ঠানে ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট চেন ঝিমিন বক্তব্য দেন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।





















