তারেক রহমানের জাতিসংঘ সফর ‘বিশেষ মুহূর্ত’, বললেন মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে একটি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধিদল রয়েছে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সফরটি স্বল্পতম বহর ও সংক্ষিপ্ত সময়ের। নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর হিসাবে, যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন এবং নিউইয়র্কে মূল কর্মসূচির জন্য চার দিন থাকবেন তিনি।
এই চার দিনে একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মাহদী আমিন জানান, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ছয় দিনের। আনুষ্ঠানিক সফরসঙ্গী রয়েছেন ৩৫ জন। তাঁদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। এ ছাড়া নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় কর্মকর্তারাও রয়েছেন।
তিনি বলেন, সফরটি আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিবর্তে মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষাকে গুরুত্ব দিচ্ছে।
মাহদী আমিন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাঁদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে উল্লেখ করেন তিনি।
মাহদী আমিনের বক্তব্য অনুযায়ী, এই সফরের আরেকটি দিক হলো—প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন একই অধিবেশনের সভাপতির আসনে থাকবেন তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্বমঞ্চে যাচ্ছেন।
মাহদী আমিন তাঁর পোস্টে আরও বলেন, এটি শুধু একটি বিদেশ সফর বা জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নয়; তাঁর ভাষায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরা হবে।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম অংশগ্রহণ। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।






















