বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত
দেশের সব জেলার তরুণ-তরুণীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
কোর্সের মেয়াদ ও সময়কাল
আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ পরিচালনা করা হবে।
আবেদনের যোগ্যতা
এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে।
দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে
এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি দৈনিক খাবারের সুবিধাও দেওয়া হবে।
কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের ওয়েবসাইট: https://www.dydaiproject.com/apply
আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

























