মাদারীপুরে টিকটকে পরিচয়, প্রেমের টানে ১৯ বছরের তরুণের বাড়িতে কিশোর
মাদারীপুরের কালকিনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর এক তরুণের বাড়িতে কিশোরের অবস্থান নিয়ে আলোচনা চলছে।
মাদারীপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, এরপর গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে পরিবারের অমতে ১৯ বছর বয়সী এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। দুজনেরই দাবি, তাঁরা একসঙ্গে থাকতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় আলোচনা তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ আকালবাড়িশ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা এক কিশোরের সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় কালকিনির দক্ষিণ আকালবাড়িশ গ্রামের এক তরুণের। প্রায় চার মাস আগে পরিচয়ের পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এর আগে দুই দিন আগেও ওই তরুণের বাড়িতে গিয়েছিল কিশোরটি। পরে সোমবার রাত ১০টার দিকে আবারও সেখানে গিয়ে অবস্থান নেয় সে।
স্থানীয়দের ভাষ্য, দুজনই একসঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন। তাঁদের দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকি দেওয়ার কথাও স্থানীয়ভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে ওই তরুণের বাবা বলেন, ছেলের এমন সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারছেন না। কিশোরটিকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, বিষয়টি সামাজিকভাবে মেনে নেওয়া সম্ভব নয়। দুজনকে বুঝিয়ে নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে কিশোরটির বয়স মাত্র ১৫ বছর হওয়ায় তার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুজনের নিরাপত্তা নিশ্চিত করে বিষয়টির আইনসম্মত সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


















