গাজায় ইসরায়েলি হামলায় উপশিক্ষামন্ত্রী নিহত, প্রাণ গেল স্ত্রীরও
যুদ্ধবিরতির মধ্যেও মধ্য গাজায় ইসরায়েলি হামলায় উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন।
যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদাকে হত্যা করেছে ইসরায়েল। বুধবার (২৫ নভেম্বর) রাতে মধ্য গাজায় চালানো এ হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজার উপশিক্ষামন্ত্রী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নেতানিয়াহু দাবি করেছেন, খালেদ আবু নাদা সশস্ত্র গোষ্ঠী হামাসের অর্থনৈতিক ও শিক্ষাবিষয়ক দায়িত্বে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, হামাসের শীর্ষ নেতাদের হত্যার লক্ষ্যে পরিচালিত ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।
নেতানিয়াহু আরও জানিয়েছেন, শুধু গত মাসেই হামাসের ৮০ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। তবে নিহতদের মধ্যে নারী ও শিশু থাকার বিষয়টি তার বক্তব্যে উল্লেখ করা হয়নি।
২০২৫ সালের আগস্টে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। ওই সময় হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেয়। অন্যদিকে, ইসরায়েল গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি বেসামরিক মানুষসহ সব ধরনের হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়।
তবে যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে। এতে করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উপত্যকাটিতে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের এসব হামলা বন্ধে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা করেছে হামাস। তবে ইসরায়েল জানিয়েছে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বুধবার গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানকে স্ত্রী ও দুই মেয়েসহ হত্যা করে ইসরায়েলি সেনারা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল।























