গোমস্তাপুরে র্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাব-৫-এর অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গোমস্তাপুরে র্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৬
প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ২২৮ বোতল ফেনসিডিল (এসকাফ) উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকেও আটক করা হয়েছে।
র্যাব-৫ জানায়, সোমবার (২৭ জুলাই) ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোমস্তাপুর থানার মাধাইনগর গ্রামের মোর্শেদের বাড়ির বারান্দায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকাফ), মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।
এ সময় গোমস্তাপুর উপজেলার পাঁচটেকরী গ্রামের বাসিন্দা মো. মিম ওবাইদুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২)-কে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকেও আটক করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























