ইতালিতে ছুরি আঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত
ইতালির রাজধানী রোমে ছুরি আঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবারের ১৮ বছর বয়সী এক সদস্য গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে, তার অবস্থা স্থিতিশীল।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) ও মেয়ে আরিশা (৫)। একই ঘটনায় কামালের ছেলে অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ধারালো অস্ত্র নিয়ে এক অজ্ঞাতপরিচয় হামলাকারী তাদের বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
হামলার সময় পরিবারের ১৮ বছর বয়সী ছেলে প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাইতে গেলে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে জরুরি সেবা, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত তরুণকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এটি পূর্বশত্রুতা, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
























