যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্র ও লক্ষ্যবস্তু দিয়ে পালটা হামলার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করে পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন। খবর আল আরাবিয়ার।
বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পালটা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসবে।
তিনি বলেন, নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আনা হবে, যা বিশ্বকে অবাক করবে।
মুখপাত্র আরও বলেন, আগের হামলায় যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল, এবার সেগুলোই লক্ষ্য করা হবে এমন নয়। ইরানের এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।
সেই সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও ইরান প্রস্তুত বলে জানান আইআরজিসির ওই মুখপাত্র।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চাপ সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পালটাপালটি অবরোধ বজায় রেখেছে।
ইরানের আইআরজিসির সর্বশেষ হুঁশিয়ারির ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ফের বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া তথ্যের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
























