লক্ষ্মীপুরে ফুটবল আনতে মেঘনায় নেমে তীব্র স্রোতে যুবক নিখোঁজ
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে খেলার সময় মেঘনা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে তীব্র স্রোতে মো. মিলন (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মিলন একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।
ফুটবল আনতে গিয়ে নদীতে নিখোঁজ
নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মিলনসহ ৪২ জন বন্ধু মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে যান। সেখানে তারা ফুটবল খেলছিলেন।
একপর্যায়ে খেলতে গিয়ে তাদের ফুটবলটি নদীতে পড়ে যায়। ফুটবলটি উদ্ধারের জন্য মিলনসহ চারজন নদীতে নামেন। এ সময় নদীতে জোয়ার শুরু হলে স্রোত ও ঢেউ বেড়ে যায়।
তীব্র স্রোতের তোড়ে মিলন নদীর গভীরে তলিয়ে যান। তার সঙ্গে থাকা অপর তিনজন কোনোভাবে চরে উঠে আসতে সক্ষম হন।
উদ্ধার অভিযান অব্যাহত
ঘটনার পর থেকে নিখোঁজ মিলনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ।
তবে শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত তাকে কোথাও পাওয়া যায়নি। উদ্ধারকারী দল নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক বলেন, জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন তলিয়ে গেছেন। চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি।
তিনি জানান, নিখোঁজ মিলনকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।



















