পাটকেলঘাটায় সোহাগ পরিবহণের বাসের ধাক্কায় পথচারী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহণের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৬টা ২০ মিনিটের দিকে পাটকেলঘাটা থানার শাকদা ব্রিজসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাকদা ব্রিজসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন আনন্দ দাস। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পাটকেলঘাটা থানা-পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে স্বজনরা তার নিজ বাড়িতে নিয়ে গেছেন।
পুলিশ জানায়, বাসের চালক ও সহকারীকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহণের বাসটি সড়কের পাশে পড়ে আছে। নিহত ব্যক্তির লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি খর্নিয়া হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।
চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।





















