বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা: অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর
শিষ্টাচার লঙ্ঘন ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ প্রমাণিত, প্রজ্ঞাপন জারি
পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ইউনিফর্ম পরে রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের অভিযোগ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তাঁর ভাইয়ের সঙ্গে ধানমন্ডির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মো. মনিরুজ্জামান পুলিশের সরকারি ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত আচরণ, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।
আগে স্বেচ্ছায় অবসরের আবেদন
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট মো. মনিরুজ্জামান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন। তবে বিভাগীয় প্রক্রিয়া শেষে সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
























