হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০১৯
নিজস্ব প্রতিবেদক:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ শিশু।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৪৯ শিশুর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৯৬ শিশু। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯।
এ সময়ে নতুন করে ৮৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৩১ জনের।
একই সময়ে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





















