খিলগাঁওয়ে ওয়ার্কশপে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড়ে একটি ওয়ার্কশপ থেকে মোস্তফা নামে ২২ বছর বয়সী এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা প্রতিনিধি: রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি ওয়ার্কশপের ভেতরে মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
শনিবার (২১ নভেম্বর) ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
নিহতের বোন আয়েশা ও জুলেখা অভিযোগ করে জানান, তাদের ভাই মোস্তফা দিনমজুরের কাজ করতেন। যেখানে কাজ পেতেন, সেখানেই কাজ করতেন তিনি। মাছ ধরার জন্য তারা একটি ডোবা কেনেন। এ নিয়ে হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল।
তাদের অভিযোগ, ওই বিরোধের জের ধরে শনিবার ভোর ৩টার দিকে কয়েকজন মোস্তফাকে বাসা থেকে ডেকে নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপে নিয়ে যান। সেখানে হোসেন, ইউনুস, খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তার মৃত্যু হয়। পুলিশের সহযোগিতায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, তাদের বাসা নাগদারপাড় ব্রিজ কমিশনার বাড়ি এলাকায়। তাদের বাবার নাম মৃত নেয়ামত আলী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে মোস্তফা অন্যতম। সাত মাস আগে অর্থ ও চিকিৎসার অভাবে তাদের বাবা মারা যান।
এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নাগদারপাড়ের একটি ওয়ার্কশপের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় মোস্তফা নামের ওই যুবককে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


















