গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপিসহ চার বাহিনীর প্রধান
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে আইজিপিসহ চার বাহিনীর প্রধান উপস্থিত হয়েছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে উপস্থিত হয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর প্রধান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান।
তাদের সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পুলিশের মহাপরিদর্শক ও তিন বাহিনীর মহাপরিচালক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলো পরিদর্শনের কথা রয়েছে তাদের। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি কল্যাণ সভায়ও অংশ নেবেন তারা।
সম্প্রতি কয়েক দিন ধরে চলা সহিংসতার পর গতকাল রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে নতুন করে কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থেকে বৃষ্টি হওয়ায় সকাল পর্যন্ত কোথাও বিক্ষুব্ধ আওয়ামী লীগের কোনো মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সহিংসতার পর জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।


















