সীতাকুণ্ডে সাবেক এমপি এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর, গাড়িতে আগুন
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ির সামনে থাকা একটি আগে থেকে পোড়া প্রাইভেটকারের অবশিষ্ট বডিতে আগুন দেয়। এ সময় বাড়ির জানালার কাচও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এস এম আল মামুনের বাড়ি ও সেখানে থাকা গাড়িতে আগুন দিয়েছিল। এরপর থেকে গাড়িটি পোড়া অবস্থায় পড়ে ছিল।
বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে চলে যান। পরদিন শুক্রবার সকালে ফিরে এসে ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগে থেকে পোড়া গাড়ির অবশিষ্ট বডি এবং বাড়ির সামনের কিছু প্লাস্টিকের অংশে আগুন দিতে দেখা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন বলেন, সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তারা নিজেরাই এ ধরনের ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বলে তিনি দাবি করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ভিডিওর সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই। ভিডিও ধারণের উদ্দেশ্যে কেউ এমন কাজ করে থাকতে পারে। গাড়িটি আগে থেকেই পোড়া ছিল বলেও জানান তিনি।



















