ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে সংকট গভীর, রাবাতে জরুরি বৈঠক
ফিফা সভাপতি ইনফান্তিনো সংকট আরও গভীর হয়েছে। বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর মরক্কোর রাজধানী রাবাতে আজ বুধবার ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে বিভিন্ন সদস্যদেশের সমর্থন ধরে রাখার জন্যও তিনি জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সভাপতি পদ ধরে রাখতে ইনফান্তিনোর ঘনিষ্ঠ কর্মকর্তারা ফিফার ২১১ সদস্যদেশের অনেক ফুটবল সংস্থার কাছে তাঁর পক্ষে সমর্থন জানাতে অনুরোধ করছেন। তবে এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে। এমনকি দীর্ঘদিনের মিত্র সৌদি আরবও এখনো প্রকাশ্যে সমর্থনের ঘোষণা দেয়নি।
জর্ডান ফুটবলপ্রধানের বিস্ফোরক অভিযোগ
সংকটের মধ্যেই মঙ্গলবার জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিলে জর্ডান ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানে ফিফা সহযোগিতা করবে বলে বিশ্বকাপ চলাকালে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রিন্স আলী বলেন, “আগেও আমরা তাঁকে সমর্থন করিনি, এখনো করব না। পুরো বিষয়টি ব্ল্যাকমেলের শামিল, আর আমরা মাথা নত করব না।”
তিনি আরও অভিযোগ করেন, গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপে রানার্সআপ হওয়ার পরও জর্ডানের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি। পাশাপাশি সাম্প্রতিক বিশ্বকাপে টিকিট থাকা সত্ত্বেও অনেক জর্ডান সমর্থক যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য জর্ডানের প্রাইজমানিও যুক্তরাষ্ট্রে করের আওতায় পড়েছে বলে অভিযোগ করেন তিনি।
ফিফার ভেতরেও বাড়ছে চাপ
ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়িয়েছে ফিফার অভ্যন্তরীণ পরিস্থিতি। ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়নবিষয়ক প্রধান আর্সেন ওয়েঙ্গার বলেছেন, বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করা ছিল অত্যন্ত জরুরি এবং এ পরিকল্পনা সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না।
অন্যদিকে ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে সাম্প্রতিক ঘটনাকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন।
সমর্থন প্রত্যাহার করছে বিভিন্ন দেশ
ইতোমধ্যে ওয়েলস, ফিনল্যান্ড, সুইডেন, সার্বিয়াসহ উয়েফার কয়েকটি সদস্যদেশ ইনফান্তিনোর প্রতি দেওয়া সমর্থনপত্র প্রত্যাহার করেছে। আগামী বছরের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনের আগে এই সংকট ইনফান্তিনোর ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।























