চট্টগ্রামে দ্রুতগতির বাসের চাপায় দুই পোশাকশ্রমিক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় দ্রুতগতির বাসের চাপায় দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে বালুছড়া ভিজ্যুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক (২২)। অরুণ দাশ বালুছড়া এলাকার ভিজ্যুয়াল গার্মেন্টসে এবং আজিজুল হক লয়াল টেক্সটাইল গার্মেন্টসে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাঁদেরসহ কয়েকজনকে ধাক্কা দেয়। এতে দুই শ্রমিক ও এক নারী পথচারী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। অরুণ দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজিজুল হককেও প্রথমে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর আইসিইউ প্রয়োজন হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভিজ্যুয়াল গার্মেন্টসের কর্মী মোহাম্মদ ওমর ফারুক বলেন, সকালে অরুণ ও আজিজুল হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের বাসটি তাঁদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুজন শ্রমিকের পাশাপাশি এক নারী পথচারীও আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক অরুণ দাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, আজিজুল হককে প্রথমে চমেক হাসপাতালে নেওয়া হলেও পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
নিহত অরুণ দাশ বালুছড়া এলাকায় বসবাস করতেন। তবে আজিজুল হকের পূর্ণাঙ্গ ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এদিকে দুই পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় তাঁদের কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। আজিজুল হকের সহকর্মী লয়াল টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিক আবদুল্লাহ আল আয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর সহকর্মীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি লেখেন, আগের দিনও ডিউটি শেষে আজিজুলের সঙ্গে হাসি-দুষ্টুমি করে কথা বলেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সেই সহকর্মী স্মৃতি হয়ে যাবেন, তা ভাবতে পারেননি।





















