চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, আটক ৪৪৫
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে ৩৫৪ জন কিশোরকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২৯৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।
আটক কিশোরদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে অপরাধ-সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের ব্রিফ করা হয়।
এ ছাড়া সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের বিভিন্নভাবে সচেতন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আরও বলেন, পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।



















