তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবরা সোফি। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের ব্যাপকতা তুলে ধরার পাশাপাশি নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে তার সফরে।
বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যের বাংলাদেশ সফরের তথ্য জানিয়েছে। ডাচেস অব এডিনবরা আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশ সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে। সে অনুযায়ী তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পাবেন।
সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন সোফি।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেখানে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষেও তরুণদের সঙ্গে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন ডাচেস অব এডিনবরা। অনুষ্ঠানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
ঢাকায় কর্মসূচি শেষ করে কক্সবাজার যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি।
কক্সবাজারে বাস্তুচ্যুত নারী, মেয়ে ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি শরণার্থী সম্প্রদায়ের মধ্যে নেতৃত্ব ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে নেওয়া উদ্যোগগুলো সম্পর্কেও অবগত হবেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের পর এটি ডাচেস অব এডিনবরার দ্বিতীয় বাংলাদেশ সফর। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তিনি এ সফর করছেন।
























