সন্তান না হওয়ায় ৭ বছরের সংসার ভাঙলেন স্বামী, পা ধরে কাঁদলেন স্ত্রী
বরিশাল প্রতিনিধি: সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন স্বামী রনি খান। সন্তান না হওয়ার বিষয়টি উল্লেখ করে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বিচ্ছেদ ঠেকাতে স্থানীয় সালিসে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। বারবার সংসার না ভাঙার অনুরোধ জানালেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন রনি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সালিসে স্বামীর কাছে সংসার না ভাঙার অনুরোধ জানাচ্ছেন ওই গৃহবধূ।
হিজলায় বসে সালিস
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে স্থানীয়ভাবে এ সালিসের আয়োজন করা হয়।
হিজলা উপজেলার ওই নারীর সঙ্গে প্রায় সাত বছর আগে মেহেন্দীগঞ্জ উপজেলার রনি খানের সামাজিকভাবে বিয়ে হয়। বর্তমানে রনি ও তাঁর পরিবারের সদস্যরা নরসিংদীর মাধবদী উপজেলায় বসবাস করেন। সেখানে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন রনি।
সন্তান না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত
রনি খানের ভাষ্য, বিয়ের পর সাত বছর ধরে তাঁরা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে তিনি আর স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না।
সালিসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি পুলিশও উপস্থিত ছিল। ওই নারীর ভাই জানান, তাঁরা রনিকে বুঝিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু কোনো অনুরোধেই তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি।
১ লাখ ৮০ হাজার টাকা দেনমোহরে বিচ্ছেদ
সালিসে উপস্থিত স্থানীয় সমাজসেবক সেলিম রাঢ়ী বলেন, তাঁরা সবাই মিলে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সন্তান না হওয়ার বিষয়টি উল্লেখ করে রনি স্ত্রীকে তালাক দেন। এ সময় ১ লাখ ৮০ হাজার টাকা দেনমোহরসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন স্ত্রী
সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলছিল বলে জানান হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আলী আজগর।
তিনি বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপর তিনি দুই পক্ষকে নিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
স্থানীয় সালিসের মধ্য দিয়ে সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।





















