জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরব হামলা চালালে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত দেশটির সব বন্দরে হামলার হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।
বিবৃতিতে ইয়াহিয়া সারী জেদ্দাসহ সৌদি আরবের অন্যান্য বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন আহত হন। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই হামলার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হোদেইদা বন্দরেও হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের কথা জানানো হয়।
সৌদি জোটের এই ঘোষণার পরপরই জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের অন্যান্য বন্দরে হামলার হুমকি দেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারী।
লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের অন্যতম প্রধান বন্দর। এই বন্দরের মাধ্যমেই হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে। দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্দরটি।
আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মানুষের খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে বন্দরটি লাইফলাইন হিসেবে কাজ করছে।
সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত বেড়েছে। বিশেষ করে গত সেপ্টেম্বর থেকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এদিকে হোদেইদা বন্দরে সম্ভাব্য হামলা এবং সৌদি আরবের বন্দরগুলোতে হুথিদের পাল্টা হামলার হুমকিতে লোহিত সাগরকেন্দ্রিক নৌবাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

























