প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনায় বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে অংশ নিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফর করবেন। শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা এবং সম্ভাব্য সংঘাত নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে চুক্তিটি করা হয়েছিল।
ইসলামাবাদের এবারের বৈঠকে তিন দেশের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে তিন দেশের সামরিক ও কৌশলগত গুরুত্বও উল্লেখযোগ্য। ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী দ্বিতীয় বৃহত্তম। সৌদি আরব ইসলামের পবিত্রতম দুই স্থানের দেশ এবং বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক।
অন্যদিকে, পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র। ফলে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সূত্র: রয়টার্স























