বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহারের অভিযোগ, ভিডিও ভাইরালের পর পুলিশ সদস্য বরখাস্ত
বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহারের অভিযোগ, ভিডিও ভাইরালের পর পুলিশ সদস্য বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বিহারে বন্ধ চলাকালে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে বিহার পুলিশ।
গত ২৫ জুলাই সিওয়ান জেলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। রাজ্যজুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ দেখা যায়। এ সময় কয়েকটি স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।
ভাইরাল ভিডিও ঘিরে পুলিশের ব্যবস্থা
সরকারি তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে বিহার পুলিশ সদর দপ্তর। ফুটেজে এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভের সময় একে-৪৭ রাইফেল ব্যবহার করতে দেখা যায়।
এরপরই ওই পুলিশ সদস্যকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনীর প্রধান দায়িত্ব। তবে প্রতিষ্ঠিত নিয়মনীতি ভঙ্গের কোনো ঘটনা ঘটলে তা গুরুত্বের সঙ্গে দেখা হয়। তদন্তের মাধ্যমে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কি না এবং আরও কোনো ব্যবস্থা প্রয়োজন আছে কি না, তা নির্ধারণ করা হবে।
আহত তিন বিক্ষোভকারীর অবস্থা স্থিতিশীল
এদিকে, পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন আহত বিক্ষোভকারীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
আহতদের মধ্যে ১৫ বছর বয়সী মো. আরিফও রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ধর্মঘটের সময় স্থানীয় একটি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যায় সে। এ সময় তার ঘাড়ে গুলি লাগে।
চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি বের করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
তেজস্বী ও রাহুল গান্ধীর প্রতিক্রিয়া
বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়তে দেখা যায় বলে দাবি করেন।
এ বিষয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান এবং বিহারে একে-৪৭ ব্যবহারের অভিযোগের দিকে ইঙ্গিত করে বলেন, বিভিন্ন জায়গায় একই ধরনের চিত্র দেখা যাচ্ছে।
গান্ধী ময়দানের দিকে মিছিল
রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে বিপুলসংখ্যক শিক্ষার্থী শহরে জড়ো হয়ে গান্ধী ময়দানের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়।
শিক্ষার্থীরা স্লোগান দেওয়ার সময় একপর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের সৃষ্টি হয়।
সূত্র: এনডিটিভি
























