মোদি ভিডিও সরানোর ঘটনায় জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের সংসদীয় কমিটির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও অপসারণের ঘটনায় মেটা প্রধান মার্ক জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছে ভারতের সংসদীয় কমিটি।
মার্ক জাকারবার্গকে আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটা প্রধানের কাছে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের পাশাপাশি মার্ক জাকারবার্গের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সেফ হারবার সুবিধা প্রত্যাহার করা হলে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটির কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করার সুযোগ তৈরি হবে।
ঘটনার সূত্রপাত হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ঘিরে। তরুণদের উদ্দেশে প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেওয়া তাঁর প্রথম সেলফি ভিডিওটি মেটা সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল। পরে ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি আবার চালু করা হয়।
মেটা এ ঘটনার জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করে ক্ষমা চাইলেও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যা গ্রহণ করেনি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে সতর্ক করেছে ভারতের সংসদীয় কমিটি। গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদীয় কমিটির সদস্য নিশিকান্ত দুবে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য তুলে ধরে বলেন, শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ দ্রুত বাড়ছে। শিশুদের যৌন নির্যাতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি নারীদের অশ্লীল কনটেন্ট ছড়িয়ে দেওয়াকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই দেশের আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।























