বিদ্যুৎহীন শিবচরবাসীর কষ্ট অনুভব করছি: এমপি হানজালা
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সংকট নিয়ে সাধারণ মানুষের মতো নিজেও চিন্তিত বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিবচরবাসীও একই সমস্যার মধ্যে রয়েছেন।
এমপি হানজালা বলেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’
তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন এলাকাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
তিনি আরও বলেন, ঘরে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ থাকলে বিদ্যুৎ না থাকায় সবার জীবন কঠিন হয়ে পড়ে। দ্রুত সংকটের সমাধান করে মানুষের স্বস্তি ফেরানোর আশা প্রকাশ করেন তিনি।
শেষে শিবচরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে এমপি হানজালা বলেন, সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।























